মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত ইউপি সদস্য ও যুবলীগ নেতা মাদকসহ নয় মামলার আসামি ইউসুফ হাজরাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট ২০২৬) সকালে মাদক মামলায় তাকে বিজ্ঞ বিচারিক হাকিমী আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ইউসুফ সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক। তিনি উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। এছাড়া ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড এলাকার মেম্বার ছিলেন।
আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে তাকে ওই পরিষদের মেম্বার পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
তার ওয়ার্ডের একাধিক ব্যক্তি জানায়, সে বিগত আওয়ামী লীগ সরকার আমলে এলাকায় দলীয় প্রভাব বিস্তার করেছিল। এলাকায় প্রকাশ্যে মাদকের ব্যবসা করতো। ওই সময় তার বিরুদ্ধে মামলাও হয়েছে বেশ কয়েকটি।
উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শহীদুল্লাহ প্রধান বলেন, ‘ইউনিয়ন পরিষদের একাধিক সভায় অনুপস্থিত থাকার কারনে তাকে বহিষ্কার করা হয়।’
ওসি বলেন, ‘ইউসুফ হাজরার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মাদকের মামলা, একটি মামলায় এক বছরের সাজা ও ওয়ারেন্ট ছিল। ওই ওয়ারেন্টমূলে গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তাকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।’


