পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মহব্বত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রতনদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মহব্বত ওই এলাকার মন্নান পন্ডিতের ছেলে এবং রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মন্নান পন্ডিতের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে মহব্বত চতুর্থ সন্তান। রোববার স্কুল শেষে বাড়ি ফিরে গোসল করার উদ্দেশ্যে পুকুরে যায় মহব্বত। পরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা শিশু মহব্বতকে খুঁজতে বের হয়। প্রতিবেশীদের সহায়তায় পুকুরে জাল ফেলে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহব্বতের মৃগী রোগ ছিল।
রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসা: লুৎফুন নাহার জানান, মহব্বত খুবই ভালো ছেলে। তার এই অকাল মৃত্যুতে বিদ্যালয়সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


