রংপুরে আদালত চত্বরে আইনজীবীদের ওপর হামলার মামলায় ২ মুহুরি গ্রেফতার

রংপুরে আদালত চত্বরে মহুরিদের মধ্যকার বিরোধে সমঝোতা করতে গিয়ে মুহরিদের হামলা ও মারধরের শিকার হয়েছেন আইনজীবী সমিতির সভাপতিসহ দুই আইনজীবী।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
আদালত প্রাঙ্গনে আইনজীবীদের ওপর হামলা মামলায় গ্রেফতার মুহুরি বাবা-ছেলে
আদালত প্রাঙ্গনে আইনজীবীদের ওপর হামলা মামলায় গ্রেফতার মুহুরি বাবা-ছেলে |নয়া দিগন্ত

রংপুরে আদালত চত্বরে মহুরিদের মধ্যকার বিরোধে সমঝোতা করতে গিয়ে মুহরিদের হামলা ও মারধরের শিকার হয়েছেন আইনজীবী সমিতির সভাপতিসহ দুই আইনজীবী। এ ঘটনায় আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শহিদুল ইসলামের দায়ের করা মামলায় মো: আতিয়ার রহমান (৬৪) ও জুবাদুর রহমান জাবেদ (২৯) নামে দুই মুহুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে রংপুর মহানগর আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

গ্রেফতার মো: আতিয়ার রহমান নগরীর নিউ আদর্শপাড়ার মরহুম আছির উদ্দিনের ছেলে, অন্যদিকে জুবাদুর রহমান জাবেদ গ্রেফতার আতিয়ার রহমানের ছেলে।

ঘটনার শিকার রংপুর বারের প্রবীণ আইনজীবী হারুন অর রশিদ জানান, আমি রংপুর অ্যাডভোকেট ক্লার্ক সমিতির আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে নিয়োজিত আছি।

মঙ্গলবার বিকেলে জেলা স্পেশাল জজ আদালতের সামনে নির্বাচনের জন্য সদস্য পদ নবায়ন ও নতুন সদস্যদের ফি প্রদান সংক্রান্ত বিষয়ে আইনজীবী সমিতির কম্পিউটার অপারেটর মোকাদ্দেস ও অফিস সহকারী রাশেদের কাছ থেকে প্রচারের হ্যান্ড মাইক কেড়ে নেয় মহুরী মো: আতিয়ার রহমান ও তার ছেলে মো: জুবাদুর রহমান জাবেদ। এক পর্যায়ে তাদেরকে মারধর করে এবং নির্বাচন করতে না দেয়ার হুমকি দেয়।

বিষয়টি জানতে পেরে আমি আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারিকে জানাই। পরে বিষয়টি মীমাংসা জন্য ‍দুই পক্ষকে আমার সেরেস্তায় ডেকে পাঠাই। সেখানে এসেই অভিযুক্ত আতিয়ার ও তার ছেলে জাবেদ আমাকে ও আইনজীবী সমিতির সভাপতিকে দেখে গালাগাল করেন। এক পর্যায়ে তারা আমাদের ওপর চেয়ার দিয়ে হামলা চালায় এবং মারপিট ও হেনস্তা করে। এ ঘটনার পর অন্যান্য অ্যাডভোকেটরা একত্রিত হয়ে তাদের আটক করে বার সমিতি ভবনে নিয়ে যান।

রংপুর আইনজীবী সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিব জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। আমাকেসহ আরেকজন প্রবীণ আইনজীবীকে যেভাবে মারধর ও হেনস্তা করা হয়েছে। তার উপযুক্ত বিচার হতে হবে। আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা দিয়েছি। আটক দুই মহুরীকে পুলিশে সোপর্দ করেছি।

রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির জানান, সন্ধ্যা সাতটার দিকে ওই ঘটনায় আইনজীবী সমিতির একজন নেতা হত্যাচেষ্টা মামলা করেছেন। আমরা অভিযুক্ত মুহুরি বাবা-ছেলেকে আটক করে থানায় এনেছি। পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।