নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় শুকুর আলী (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শুকুর আলীর মেয়ে জামাই সাদ্দাম হোসেন (৩৪)। তবে তাদের সাথে থাকা ১০ বছরের নাতি অক্ষত অবস্থায় আছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দেবীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করাসহ ট্রাকচালক মনতাজ আলীকে (৫০) আটক করেছে পুলিশ।
নিহত শুকুর আলী পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার পাইকরা গ্রামের বাসিন্দা এবং আহত সাদ্দাম হোসেন একই গ্রামের জিয়ার আলী মন্ডলের ছেলে। আটক ট্রাকচালক মনতাজ আলী মৃধা জেলার পোরশা উপজেলার সারাইগাছী বারিন্দা গ্রামের ইয়াদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছাতুনতলী এলাকা থেকে মেয়ে জামাই ও নাতিকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাসা নিয়ামতপুরে ফিরছিলেন শুকুর আলী। পথিমধ্যে ছাতুনতলী-দেবীপুর মোড়ের মাঝামাঝি এলে মহাদেবপুর থেকে শিবপুরগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পরে ঘটনাস্থলেই শুকুর আলী মারা যান। এ ঘটনায় নিহতের মেয়ে জামাই আহত হন এবং নাতি অক্ষত অবস্থায় রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করাসহ ট্রাক চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


