সিলেট-ঢাকা মহাসড়কে একদিনে ঝরল আরো ৪ প্রাণ

সিলেট-ঢাকা মহাসড়কে থামছে না মৃত্যুর মিছিল। সোমবার একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার ও হবিগঞ্জের নবীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট-ঢাকা মহাসড়কে একদিনে ঝরল আরো ৪ প্রাণ
সিলেট-ঢাকা মহাসড়কে একদিনে ঝরল আরো ৪ প্রাণ |নয়া দিগন্ত

সিলেট-ঢাকা মহাসড়কে থামছে না মৃত্যুর মিছিল। সোমবার একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার ও হবিগঞ্জের নবীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।

এর মধ্যে লালাবাজারে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাস হেলপার এবং নবীগঞ্জে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুটি দুর্ঘটনায় আরো অন্তত সাতজন আহত হয়েছেন।

লালাবাজারে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১

সোমবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার কুশিয়ারা পেট্রোল পাম্পের সামনে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাস হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে লালারগাঁও এলাকায় সিলেটগামী শেরপুর-সিলেট-ঢাকা আল জান্নাত এক্সপ্রেসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

সংঘর্ষে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুজ্জামান বলেন, ‘নিহত বাস হেলপারের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতদের ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।’

নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

অন্যদিকে সোমবার (১০ আগস্ট) সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ আরো দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন— নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে ও ইনাতগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ দক্ষিণ গ্রামের ময়না মিয়ার ছেলে সবজি ব্যবসায়ী আবুল কাশেম (৫০) এবং ইনাতগঞ্জ বাজারের ফাহিম সবজি ভান্ডারের কর্মচারী ময়না মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইনাতগঞ্জ বাজারের কয়েকজন সবজি ব্যবসায়ী ও কর্মচারী পিকআপ ভ্যানযোগে বাহুবল উপজেলার দিগম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন। পথে রোকনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মশহুদ আহাম্মদ নিহত হন। গুরুতর আহত পিকআপ ভ্যানের চালকসহ চারজনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুল কাশেম ও ময়না মিয়ার মৃত্যু হয়।

বর্তমানে পিকআপ ভ্যানের চালকসহ আরো দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো: জসিম উদ্দিন বলেন, বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি আউশকান্দি এলাকায় আটক করা হয়েছে। বাস ও পিকআপ ভ্যানটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।