ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী গত কয়েক মাসে বেশ কয়েকটি প্রাণনাশের হুমকি পেয়েছেন। এ ঘটনায় পুলিশের দারস্ত হয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সাবেক এই সভাপতি। চিঠিগুলোর মধ্যে একটিতে তাকে ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) বর্তমান সভাপতি গাঙ্গুলী সোমবার তার দফতরে দু’টি চিঠি পাওয়ার পর দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
গাঙ্গুলীর ম্যানেজারের করা পুলিশি অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় মাস ধরে তার নামে চিঠি আসছিল। শুরুতে সেগুলোকে গুরুত্ব দেয়া হয়নি।
তবে সোমবার তার দফতরে পাওয়া দু’টি চিঠিতে গাঙ্গুলী ও তার স্ত্রীকে হত্যা এবং তার ঘনিষ্ঠদের ক্ষতি করার সুস্পষ্ট হুমকি ছিল বলে জানা গেছে।
হুমকিদাতাকে শনাক্ত করতে ও এর পেছনের উদ্দেশ্য খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, তারা অভিযোগটিকে গুরুত্ব সহকারে নিয়েছেন ও তদন্ত শুরু করেছেন। দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে চিঠিগুলোর উৎস ও কুরিয়ারের গতিপথ খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়ার কোনো এক ব্যক্তি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিঠিগুলো পাঠিয়ে থাকতে পারেন।
পুলিশ প্রেরকের ব্যবহৃত বলে অভিযুক্ত সিম কার্ডটির গতিবিধিও খতিয়ে দেখছে ও চালানগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য কুরিয়ার এজেন্সির সাথে যোগাযোগ করেছে।
পুলিশ আরো জানায়, তারা কুরিয়ার সার্ভিসের লোকজনের সাথে কথা বলে একটি মোবাইল নম্বর শনাক্ত করেছেন। সেটি খুঁজে বের করার চেষ্টা করছেন তারা।
কলকাতা পুলিশ এখন খতিয়ে দেখছে যে সব চিঠি একই ব্যক্তি পাঠিয়েছিলেন কিনা। তদন্তকারীরা কথিত হুমকিগুলোর পেছনের কারণও উদঘাটনের চেষ্টা চলছে।
তদন্তের অংশ হিসেবে পুলিশ চিঠিগুলোর বিষয়বস্তু, সেগুলোর উৎস ও কুরিয়ারের গতিপথ খতিয়ে দেখছে।
সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া


