শিক্ষার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : এমপি জাহান্দার আলী

জাতির মেরুদণ্ড সোজা হবে, না বাঁকা হবে—তা নির্ভর করে শিক্ষকদের প্রচেষ্টা ও পরিশ্রমের ওপর।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
বক্তব্য রাখছেন এমপি জাহান্দার আলী
বক্তব্য রাখছেন এমপি জাহান্দার আলী |নয়া দিগন্ত

শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, ‘শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করালেই হবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।’

শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজৈর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮০ দিনের বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি জাহান্দার আলী মিয়া বলেন, ‘আপনারা শিক্ষকরা একটি অমানুষকে মানুষ করেন। মা-বাবা সন্তান জন্ম দেন, আর তাকে শিক্ষিত ও আলোকিত করেন শিক্ষকরা। জাতির মেরুদণ্ড সোজা হবে, না বাঁকা হবে—তা নির্ভর করে আপনাদের প্রচেষ্টা ও পরিশ্রমের ওপর।’

তিনি আরো বলেন, ‘এই জায়গায় আমরা যদি ব্যর্থ হই, তাহলে আগামী দিনের রাষ্ট্র মেরামত তো দূরের কথা, রাষ্ট্রই ভেঙে পড়বে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই রাষ্ট্রকে মেরামত করা সম্ভব।’

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যেভাবে সংসারের দায়িত্ব পালন করেন, ঠিক সেভাবেই শিক্ষার্থীদের দায়িত্বও পালন করবেন। প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো দেখভাল করতে হবে। তাদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষাও দিতে হবে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী বলেন, ‘শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক ও অভিভাবক—উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদ্যালয়ের সাথে অভিভাবকদের যোগাযোগ আরো বাড়াতে হবে। কোনো শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে পড়লে এর কারণ চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

তিনি বলেন, ‘একটি শিশুর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয় ও পরিবার—দুই জায়গারই সমান গুরুত্ব রয়েছে। তাই অভিভাবকদের বিদ্যালয়ের কার্যক্রমে আরো সম্পৃক্ত করতে হবে।’

সভাপতির বক্তব্যে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছা বলেন, ‘সরকারের ১৮০ দিনের বাস্তবায়ন কর্মসূচির লক্ষ্য অর্জনে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় করে কাজ করবে।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়। শিক্ষক, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় প্রশাসন একসাথে কাজ করলেই একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা সম্ভব।’

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী ও রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুবউদ্দিন আহমেদ।

মতবিনিময় সভায় রাজৈর উপজেলার ১৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যরা অংশ নেন।