ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে রুবেল খান (৩১) নামের এক বাংলাদেশী যুবক বিএসএফের গুলিতে আহত হয়েছেন। সে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মুজিবুল খানের ছেলে।
গুলিবিদ্ধ রুবেলকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসিন হাবিব হাসান এক প্রেস রিলিজ মারফত জানান, মঙ্গলবার চার আগস্ট রাত সাড়ে বারোটার সময় ৬০/১৫৮ এবং ৬০/১৫৯ আর মেইন পিলারের মধ্যবর্তী স্থানে শ্যামকুড় মাঠপাড়া এলাকার বিপরীতে কাঁটাতারের বেড়ায় প্রায় ৫০০ গজ ভারতের ভেতরে বিএসএফের গুলিতে রুবেল আহত হয়।
সংশ্লিষ্ট বিষয়ে সীমান্তে দায়িত্বরত ১৯৪ বিএসএফের মহেন্দ্র কোম্পানি সদর কর্তৃপক্ষের সাথে বিজিবি তাৎক্ষণিক যোগাযোগ করে। তবে বিএসএফ রবার বুলেট নিক্ষেপ করার বিষয়টি অস্বীকার করে বলে মহেশপুর বিজিবি জানায়।


