কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফরিদকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর এলাকার একটি বাসা থেকে মো. ফরিদকে (৪৫) গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান, র্যাব-১৫ ও র্যাব-৪-এর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে ফরিদকে আটক করা হয়।
র্যাব জানায়, গত ১ আগস্ট বেলা ২টার দিকে কক্সবাজারের দরিয়ানগর এলাকায় পরিচালিত একটি প্যারাসেইলিং কার্যক্রমে নিরাপত্তাজনিত ত্রুটির কারণে উড্ডয়নের সময় রশি ছিঁড়ে খুলনা থেকে আসা পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) সমুদ্রে পড়ে যান। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারব্যবস্থা না থাকায় তাকে বিলম্বে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে চলে যান। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিকে আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


