সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার উপজেলার তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলায় অন্তর্ভূক্তির চেষ্টার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার জুমার নামাজের পর হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক অবরোধের ফলে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ৪৫ মিনিট সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়।
তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জামাল উদ্দিন সরকারের নেতৃত্বে তিনটি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কয়েক শ মানুষ সমাবেশে যোগ দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ফরমে স্বাক্ষর নেয়া হয়েছে। পরে তারা জানতে পারেন, ওই ফরমগুলো তিনটি ইউনিয়নকে সাভার থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করার প্রস্তাবের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে।
বক্তারা বলেন, তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়ন দীর্ঘদিন ধরে সাভার উপজেলার অংশ হিসেবে পরিচিত। এসব এলাকার বাসিন্দাদের জাতীয় পরিচয়পত্র, জমির কাগজপত্র ও অন্যান্য সরকারি নথিও সাভারের আওতাভুক্ত। তাই প্রশাসনিক সীমানা পরিবর্তনের যেকোনো উদ্যোগ তারা মেনে নেবেন না।
তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার বলেন, জনগণকে বিভ্রান্ত করে স্বাক্ষর নেয়ার অভিযোগ সঠিকভাবে তদন্ত করা প্রয়োজন। তিন ইউনিয়নকে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করার কোনো উদ্যোগ নেয়া হলে তা প্রতিহত করা হবে।
সমাবেশে আরো বক্তব্য দেন আব্দুর রহমান, অ্যাডভোকেট দীন ইসলাম, নয়ন সরকার, সাভার থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুল কাদের, যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার (শাওন সরকার), সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া, গণস্বাক্ষর কর্মসূচি পালন এবং ধারাবাহিক অবস্থান কর্মসূচির মতো আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


