সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে দুজন হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৪ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত বিভাগে মোট ১১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জে ৫৩ জন, সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ২৩ জন ও মৌলভীবাজারে ১১ জন। এছাড়া বিভাগের বাইরের জেলার তিনজন রোগীও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ছয়জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন, শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে দুজন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ২৪ জন শনাক্তের বিপরীতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হবিগঞ্জে ৫৩, সুনামগঞ্জে ২৩ ও মৌলভীবাজারে ১১ জন আক্রান্ত হলেও এসব জেলায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়েছে।


