যশোরে সড়ক দুর্ঘটনায় চৌগাছার স্বামী-স্ত্রী নিহত

বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং স্বামী-স্ত্রী উভয়েই গুরুতর আহত হন।

চৌগাছা (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
প্রতীকী ছবি

যশোরে সড়ক দুর্ঘটনায় চৌগাছার স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে যশোর ক্যান্টনমেন্টের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুর রশিদ (৩৬) ও তার স্ত্রী সাবিরা খাতুন (৩৩)। তারা সবশেষ চৌগাছা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। নিহত আব্দুর রশিদ দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

স্থানীয় সূত্র ও হাসপাতাল সূত্রে জানা যায়, আব্দুর রশিদ রোববার সকালে মোটরসাইকেলযোগে স্ত্রী সাবিরা খাতুনকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে যশোর শহরের দিকে রওনা হন। বেলা সাড়ে ১১টার দিকে তারা যশোর সদর উপজেলার ক্যান্টনমেন্টের প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং স্বামী-স্ত্রী উভয়েই গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাবিরা খাতুনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

এরপর স্বজনরা তাকে দ্রুত ঢাকায় নেয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে একই দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক।

এদিকে, একই পরিবারের দুই সদস্যের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যশোর কোতয়ালী থানার ওসি মাছুম খান।