চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, নয় রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও ভারতীয় স্কপ সিরাপসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন— পূর্ব হিঙ্গুলী কদমতলা এলাকার বোরহান উদ্দিন (৩৪) ও করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার রহিম উল্লাহ রনি (৩৫)।
পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই ফারুক উদ্দিন ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে বোরহান উদ্দিনের কাছ থেকে একটি কালো রঙের ৭.৬২ বিদেশী সেমি-অটোমেটিক পিস্তল, একটি ম্যাগজিন, নয় রাউন্ড তাজা গুলি, দু’টি দেশীয় ছোরা, একটি ফোল্ডিং সুইচ গিয়ার ও এক বোতল ভারতীয় তৈরি স্কপ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া রহিম উল্লাহ রনির কাছ থেকেও এক বোতল ভারতীয় তৈরি স্কপ সিরাপ জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক বোরহান উদ্দিনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে জোরারগঞ্জ ও মিরসরাই থানায় নয়টি মামলা বিচারাধীন রয়েছে। অপরদিকে রহিম উল্লাহ রনির বিরুদ্ধে মাদক, চুরি ও অন্যান্য অভিযোগে জোরারগঞ্জ, রামু, লোহাগাড়া, পটিয়া, ছাগলনাইয়া ও সীতাকুণ্ড থানায় নয়টি মামলা বিচারাধীন রয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।


