খুলনায় ছেলেকে না পেয়ে মাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১০ আগস্ট) সকালে নগরীর করিম নগরে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ গৃহবধূ শিমুল (৪০) নগরীর করিমনগরের মোবাইল ফোন ব্যবসায়ী মুকুলের স্ত্রী। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে চার-পাঁচজন যুবক নগরীর করিমনগরে মোবাইল ফোনের ব্যবসায়ী মুকুলের বাসায় তার ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। খোঁজাখুঁজি করে হৃদয়কে না পেয়ে তারা হৃদয়ের বাবা মুকুলকে গুলি করে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার স্ত্রী শিমুলের কোমরের ডান পাশে বিদ্ধ হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদয়ের সাথে অনলাইনে জুয়া খেলা নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে এ গুলির ঘটনা ঘটতে পারে।’


