মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জিতনী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিতনী শেরপুরের বাসিন্দা আব্দুল জলিলের মেয়ে। তারা সিরাজদিখানের লালবাড়ী এলাকায় ভাড়া থাকতো। জিতনী শেরপুর সদর উপজেলার চরসাপমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। বাবা-মায়ের সাথে মাত্র দুই দিন আগে শেরপুর থেকে লালবাড়ীতে আসে সে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর ২টা ২ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে সংবাদ আসে, সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী এলাকায় আট বছরের শিশু জিতনী পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় জনগণের সহায়তায় সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে বিকেল পৌনে ৩টার দিকে শিশুটির লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার করা লাশ পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


