বরিশালের উজিরপুরে এক নারীর সাথে পরকীয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান সুজনকে (২৭) আটক করে মারধরের অভিযোগ উঠেছে।
পরে স্থানীয় এক বিএনপি নেতার হস্তক্ষেপে তাকে ছেড়ে দেয়া হয় বলে স্থানীয় কয়েকজন দাবি করেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চকমান গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১১ আগস্ট) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাতে সাবেক ছাত্রলীগ নেতা মো: আল আমিন তালুকদারের বাড়িতে এক নারীর সাথে সুজনকে দেখতে পান কয়েকজন। পরে তারা সুজনকে আটক করেন। এ সময় স্থানীয় লোকজনের সাথে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, ওই বাড়িতে সুজনের নিয়মিত যাতায়াত ছিল। ঘটনার রাতে কয়েকজনের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করার প্রস্তুতি নেয়া হলেও শেষ পর্যন্ত তা করা হয়নি।
স্থানীয় কয়েকজনের দাবি, বিএনপি নেতা মো: শাহীন মাস্টারের হস্তক্ষেপে সুজনকে সেখান থেকে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে শাহীন মাস্টার বলেন, ‘ছেলেটি আমাদের দলীয়। তাই তাকে ছেড়ে দিতে বলেছি।’
অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান সুজন বলেন, ‘মেয়ের বাবার ফোনে আমি সেখানে গিয়েছিলাম। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে বিষয়টি করেছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আলোচনা তৈরি হয়েছে।


