মুলাদীতে রডের পরিবর্তে গুনার জাল দিয়ে সড়ক ঢালাই

ইতোপূর্বে ষোলঘর মৃধাবাড়ি থেকে ব্যাপারীরহাট সড়কে ঢালাইয়ের কাজে রড ব্যবহার করা হয়েছিল। কিন্তু বর্তমানে পুরানো কাজের নিয়ম ও নকশা বহির্ভূতভাবে রডের পরিবর্তে নিম্নমানের চিকন গুনার জাল (জিআই তারের নেট) ব্যবহার করে ঢালাইয়ের কাজ করা হচ্ছিল।

Location :

Muladi
গুনার জাল দিয়ে সড়ক ঢালাই
গুনার জাল দিয়ে সড়ক ঢালাই |নয়া দিগন্ত

মুলাদী (বরিশাল) সংবাদদাতা
বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর হইতে ব্যাপারীর হাট সড়কের সংস্কার ও ঢালাই কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।

রোববার (২ আগস্ট) কাজের অনিয়ম দেখে স্থানীয় জনগণ নির্মাণস্থলে জড়ো হয়ে কাজ বন্ধ করে দেন।

স্থানীয়দের অভিযোগ, ইতোপূর্বে ষোলঘর মৃধাবাড়ি থেকে ব্যাপারীরহাট সড়কে ঢালাইয়ের কাজে রড ব্যবহার করা হয়েছিল। কিন্তু বর্তমানে পুরানো কাজের নিয়ম ও নকশা বহির্ভূতভাবে রডের পরিবর্তে নিম্নমানের চিকন গুনার জাল (জিআই তারের নেট) ব্যবহার করে ঢালাইয়ের কাজ করা হচ্ছিল। বিষয়টি দেখার পর স্থানীয় জনতা জড়ো হয়ে প্রতিবাদ জানায় এবং কাজ বন্ধ রাখতে বাধ্য করে।

ষোলঘর গ্রামের শাহজালাল ব্যাপারী বলেন, ‘চিকন গুনার জাল দিয়ে ঢালাই করা হলে অল্পদিনের মধ্যে সড়কের কংক্রিট ভেঙে যাবে এবং মানুষ দুর্ভোগে পড়বে। তাই সবাই মিলে কাজ বন্ধ করে ইউএনও স্যারকে খবর দিয়েছে। সিডিউল ছাড়া কোন কাজ করতে দেয়া হবে না।’

এ ব্যাপারে ঠিকাদার মো: সালাহউদ্দীন মিন্টু বলেন, ‘বরাদ্দ ও সরকারি প্রাক্কলন অনুযায়ী সড়কে কাজ করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে না পরে কাজবন্ধ করে দিয়েছে।’

এ ব্যাপারে মুলাদী উপজেলা প্রকৌশলী মো: জিয়াউল হক জানান, বিষয়টি সম্পর্কে তারা অবহিত হয়েছেন এবং প্রকল্পের প্রাক্কলন (ডিজাইন ও এস্টিমেট) খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: গোলাম সরওয়ার বলেন, ‘সড়ক নির্মাণে অনিয়মের বিষয়ে স্থানীয়রা মোবাইল ফোনে অভিযোগ করেছে এবং কাজ বন্ধ করে দিয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের লোকজন পাঠিয়ে তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Topics