ফেনী অফিস
৪ আগস্ট ফেনীতে ‘মহিপাল গণহত্যা দিবস’ উপলক্ষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা ছাত্রদলের উদ্যোগে প্রতীকী নাটকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৬ জনের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি সালা উদ্দিন মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।
দোয়া-পূর্ব আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব নাঈম উল্লাহ চৌধুরী বরাত, যুবদল নেতা মাঈন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম কায়সার এলিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত শেষে ৪ আগস্ট গণহত্যা দিবস উপলক্ষে জেলা জাসাসের আয়োজনে গণহত্যা নিয়ে একটি প্রতীকী নাটক মঞ্চস্থ হয়। উক্ত নাটকে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক এমপি আলাউদ্দিন নাসিম, নিজাম হাজারী ও মাসুদ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীকে প্রতীকী আদালতে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়।


