গলাচিপায় বাড়ির পাশের কুয়ায় পড়ে মাসুম বিল্লাহ নামে এক তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট কাজল গ্রামের জমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত মাসুম বিল্লাহ ওই গ্রামের মো: শাকিল খন্দকারের একমাত্র সন্তান।
স্বজনরা জানায়, শিশুটির মা-বাবা জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন। এ কারণে মাসুম দাদা-দাদির সাথে বাড়িতে থাকত। মঙ্গলবার সকালে ঘুম থেকে ওঠার পর দাদি তাকে ভাত খাওয়ান। পরে খেলার ছলে বাড়ির পাশে চলে যায় শিশুটি। একপর্যায়ে সে কখন কুয়ায় পড়ে যায়, তা কেউ বুঝতে পারেননি। কিছুক্ষণ পর দাদি শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের কুয়ায় সন্দেহ হলে সেখানে নেমে খোঁজ করে শিশুটিকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার সেকেন্ড অফিসার মো: রানা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


