কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরে ভাসমান অবস্থায় পল্টু মিয়া (৫৭) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কটিয়াদী পৌর এলাকার সদর ভোগপাড়া দাখিল মাদরাসা মসজিদসংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত পল্টু মিয়া পাশের বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর এলাকার মরহুম আসন আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানান, সকালে মসজিদের পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কখন ও কিভাবে ওই ব্যক্তি সেখানে এসেছেন, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কেউ কোনো ধারণা দিতে পারেননি। এ সময় পুকুরের পাড়ে একটি বাজারের ব্যাগে কাপড় পাওয়া যায়।
কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ পুকুর থেকে লাশটি উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


