চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সকাল ৭টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় টিএন্ডটি অফিসের সামনে মো: তাহের (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হন।
নিহত তাহের উপজেলা পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাঁশারা গ্রামের বাসিন্দা ও দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী বাজারের ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানিয়েছেন, তাহের ব্যবসার উদ্দেশে ডিজেল কিনতে সাইকেলযোগে ফরিদগঞ্জ পৌরসভাস্থ পেট্রোল পাম্পে যাচ্ছিলেন। টিএন্ডটি অফিসের সামনে রাস্তার মোড় ঘুরতে গেলে ঢাকা এয়ারপোর্ট থেকে আগত লক্ষ্মীপুরগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ তার লাশ হেফাজতে নেয়। এ ঘটনায় অজ্ঞাত প্রাইভেটকারের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, রোববার রাতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনের পরিত্যাক্ত ডোবা থেকে ইব্রাহিম হাওলাদার (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
নিহত ইব্রাহিমের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাউখালী গ্রামে। তার বাবা-মা ফরিদগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী। তিনি একজন ব্যাটারিচালিত অটোরিকশা মেকানিক ছিলেন।
ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এরশাদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তানুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


