ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত কলেজ ছাত্র রবিন হত্যার ঘটনায় অজ্ঞাত সংখ্যক আসামির বিরুদ্ধে মামলায় রুজু করা হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে নিহত নাহিয়ান রবিনের বাবা মোফাজ্জল হোসেন বাদী হয়ে গফরগাঁও থানায় এই মামলা দায়ের করেন।
এদিকে কলেজ ছাত্র রবিন হত্যার ঘটনায় পর পুলিশ পৌর শহরের মোতালেব প্লাজা মার্কেটের মালিক মোতালেবের ছেলে রাজিব (৪০)কে ঘটনার সাথে জড়িত সন্দেহে গত মঙ্গলবার দুপুরে মার্কেটের বাসা থেকে আটক করে। এসময় রাজিবের কাছ থেকে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার করে পুলিশ।
থানায় দায়েরকৃত রবিন হত্যা মামলায় আটক রাজিবকে শোন অ্যারেস্ট দেখিয়ে তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও মাদকের পৃথক মামলা রুজু করে রাজিবকে আজ বুধবার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় দিকে পৌর শহরের পশু হাসপাতাল রোডস্থ বউবাজারে একটি দোকানে কলেজ ছাত্র রবিন বন্ধুদের সাথে নিজের জন্মদিন কেক কেটে পালন করে বন্ধু মাসুমকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাসা ফিরার পথে মাজার বাড়ি রোডে অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেল গতিরোধ করে নৃশংসভাবে কুপিয়ে রক্তাক্ত আহত করে। পরে রাত সাড়ে ৩ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রবিন মারা যায়।
উপজেলার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল সে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আতিকুর রহমান বলেন, রবিন হত্যা ঘটনার মামলা হয়েছে। এ মামলার অজ্ঞাত আসামিদের দ্রুত গ্রেফতারে অভিযান চলছে।
তিনি আরো বলেন, রবিন হত্যা ঘটনার জড়িত সন্দেহে রাজিব নামে একজনকে অস্ত্র, গুলি ও মাদক সহ আটক করা হয়েছে। এ হত্যায় জড়িত সন্দেহ ছাড়াও রাজিবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা রুজু করে আজ বুধবার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



