গ্যাস সঙ্কট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ

সম্প্রতি গ্যাস সঙ্কট এবং গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে দেশের সাধারণ মানুষ চরম উদ্বেগ ও ভোগান্তির মধ্যে পড়েছে। একইসাথে বিদ্যুতের মাসিক ডিমান্ড চার্জ, মিটার চার্জ ও ভুতুড়ে বিলের কারণে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

Location :

Sirajgonj
১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, (ডানে) ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, (ডানে) ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান |নয়া দিগন্ত

গ্যাস সঙ্কট দূরীকরণ, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, মাসিক মিটার ও ডিমান্ড চার্জ বাতিল, ভুতুড়ে বিল বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা শহরের দরগা রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক (ডিসি) মো: আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি গ্যাস সঙ্কট এবং গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে দেশের সাধারণ মানুষ চরম উদ্বেগ ও ভোগান্তির মধ্যে পড়েছে। একইসাথে বিদ্যুতের মাসিক ডিমান্ড চার্জ, মিটার চার্জ ও ভুতুড়ে বিলের কারণে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও পরিবহনসহ বিভিন্ন খাতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। এতে সীমিত আয়ের মানুষ, শ্রমজীবী, নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্মারকলিপিতে গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার, জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বার্থ বিবেচনায় জনবান্ধব জ্বালানি নীতি প্রণয়ন, জনগণের মতামত ও অংশগ্রহণ ছাড়া জনস্বার্থবিরোধী কোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা, মাসিক মিটার ও ডিমান্ড চার্জ বাতিল এবং ভুতুড়ে বিল রোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম।

এ সময় জেলা জামায়াত ও ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।