মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন এক লাখ নয় হাজার ৬১৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন এক লাখ পাঁচ হাজার ২৮ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ২৭৪ জন।
ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ।
এবার এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৭০০ জন। এর মধ্যে ছাত্র দুই হাজার ৬২১ জন এবং ছাত্রী তিন হাজার ৭৯ জন।
বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৭৯ দশমিক ৬৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৪৬ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৮ দশমিক ৯১ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার নেত্রকোনা জেলায়। এ জেলায় পাসের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ। ময়মনসিংহ জেলায় ৫৭ দশমিক ৮০ শতাংশ, জামালপুরে ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
বোর্ডের তথ্যমতে, এবার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। তবে ৪টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় মোট ১৮৮টি কেন্দ্রে ১ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।


