কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পারভেজ মিয়া (৩০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল উদ্ধার অভিযানে রওনা হন। পথে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পুলিশের পিকআপভ্যানের একটি চাকার হাওয়া কম থাকায় সড়কের পাশে গাড়ি থামিয়ে হাওয়া দেয়া হচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক একটি অটোরিকশাকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপভ্যানটির ওপর উল্টে পড়ে। এতে গাড়ির ভেতরে থাকা কনস্টেবল পারভেজ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে আমাদের সদস্যরা উদ্ধার কাজে যাচ্ছিলেন। পথেই এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’


