রাণীনগরে জাল নোটসহ যুবক গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল নোটসহ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বিশেষ ক্ষমতা আইনে র‌্যাবের পক্ষ থেকে রাণীনগর থানায় একটি মামলা করে তাকে থানায় সোর্পদ করা হয়।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Raninagar
রাণীনগর থানা
রাণীনগর থানা |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৬৬ হাজার টাকার জাল নোটসহ মাজেদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাজেদুল উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় সোমবার রাতেই বিশেষ ক্ষমতা আইনে র‌্যাবের পক্ষ থেকে রাণীনগর থানায় একটি মামলা করে তাকে থানায় সোর্পদ করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাণীনগরের মাজেদুল নামে এক যুবক দীর্ঘদিন জাল টাকার ব্যবসা করে আসছেন ও তার বাড়িতে জাল টাকা রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিকদল সোমবার রাত পৌনে ৮টার দিকে দক্ষিণ রাজাপুর গ্রামে মাজেদুলের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি তল্লাশী করে ৬৬ হাজার টাকার জাল নোট উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ‘জাল টাকা উদ্ধারসহ যবককে গ্রেফতার করেছে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার মাজেদুলকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।’