সিলেটে হাম পরিস্থিতির উন্নতি হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হাম ও হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯২ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।
এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। একই সময়ে চলতি বছরে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৭৬ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ৮৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ২৮৭ জন, হবিগঞ্জে ১১৬ জন, মৌলভীবাজারে ১২০ জন ও সুনামগঞ্জে ৩৫৩ জন রয়েছে। হবিগঞ্জে শনাক্তদের মধ্যে দু’জন রুবেলা রোগী।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক ২৯৪ জন হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া শিশুটির নাম রাইহান। তার বয়স ৭ মাস। সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকপুর এলাকার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছর হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১২৮ জনের মধ্যে নিশ্চিত হাম ছিল ছয়জনের। বাকি ১২২ জন মারা গেছেন হাম উপসর্গ নিয়ে।
জেলাভিত্তিক হিসেবে এ পর্যন্ত সিলেটে ৪৬ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১৩ জন ও সুনামগঞ্জে ৫৩ জনের মৃত্যু হয়েছে।
এর আগে, ৯ আগস্ট তিন শিশু ও ১০ আগস্ট আরো দুই শিশুর মৃত্যু হয়েছিল। এবার আরো এক শিশুর মৃত্যুতে পরপর তিন দিনের ব্যবধানে ছয় শিশুর মৃত্যু হয়েছে। একইসাথে প্রতিদিন নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত ও বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সিলেটে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরো বাড়ছে।


