ময়মনসিংহে নিখোঁজের ১০ দিন পর কাস্টমস সিপাহীর খণ্ডিত লাশ উদ্ধার

২৪ জুলাই সকালে কর্মস্থলে যোগ দেয়ার উদ্দেশ্যে কেয়ারটেকার রাজুর সাথে বাড়ি থেকে বের হন আবু রায়হান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
নিহত কাস্টমস সিপাহী আবু রায়হান তালুকদার
নিহত কাস্টমস সিপাহী আবু রায়হান তালুকদার |নয়া দিগন্ত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নিখোঁজের ১০ দিন পর আবু রায়হান তালুকদার (৪০) নামে এক কাস্টমস সিপাহীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তরপাড়া গ্রামের দীর্ঘদিনের পরিত্যক্ত একটি পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগে রাখা লাশের ১৫টি টুকরো উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা লাশটি আবু রায়হানের বলে শনাক্ত করেন।

নিহত আবু রায়হান তালুকদার ওই গ্রামের মরহুম আবু বকর সিদ্দিক তালুকদার ও রাহেলা খাতুন দম্পতির ছোট ছেলে। তিনি বাংলাদেশ কাস্টম হাউস, কমলাপুরে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে আবু রায়হান নিজ বাড়িতে আসেন। ওই রাতে বাড়ির কেয়ারটেকার রাজুকে সাথে নিয়ে নিজ ঘরে অবস্থান করেন তিনি। পরদিন ২৪ জুলাই সকালে কর্মস্থলে যোগ দেয়ার উদ্দেশ্যে রাজুর সাথে বাড়ি থেকে বের হন আবু রায়হান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

২৭ জুলাই আবু রায়হানের অফিসের এক সহকর্মী তার চাচাতো বোন, কলেজশিক্ষক নাজমুন্নাহার বিউটিকে ফোন করে জানান, রায়হান কর্মস্থলে যোগ দেননি এবং তার মোবাইলফোনও বন্ধ রয়েছে। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে একই দিন ফুলবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির তদন্তে পুলিশ জানতে পারে, কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুল ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। স্থানীয়দের দাবি, তারা দু’জনই মাদকাসক্ত।

রোববার বিকেলে আবু রায়হানের বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরের একটি পরিত্যক্ত পুকুরে তিনটি ট্রাভেল ব্যাগে থাকা খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সঙ্ঘটিত হতে পারে। কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুল পলাতক থাকায় তাদের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি আরো বলেন, উদ্ধার হওয়া লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।