চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, ‘আপনারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিলেন, এখন সেই কার্ডের জন্য বিএনপি নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন। ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমানের কাছে তদবির করছেন।’
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে বারইয়ারহাট-শান্তিরহাট-আবুরহাট সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এমন কথা বলেন।
তিনি বলেন, ‘জামায়াতের এক এমপি গাজী নজরুল ধরা পড়েছে একটা মেয়ে নিয়ে। প্রথম দিন চেয়েছিল এটা এআই দিয়ে ফেক বলতে; মিথ্যা কত প্রকার ও কীভাবে হয়, তা তারা জানেন। পরে ঢাকতে না পেরে তখন তাকে বহিষ্কারের নাটক করেছে। আমরা বলব, আপনারা যদি মনে-প্রাণে ইসলামকে বিশ্বাস করেন, তাহলে এই নেতাকে ইসলামি শরিয়ত মোতাবেক শাস্তির ব্যবস্থা করেন। জনগণ তখন বুঝবে আপনাদের কথার সাথে কাজের মিল আছে। এই নেতার শরিয়ত মোতাবেক শাস্তি কী হবে? পাথর মারতে হবে। কিন্তু আপনারা তো শাস্তির ব্যবস্থা করলেন না।’
তিনি আরো বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতায় উপজেলার বারইয়ারহাট-শান্তিরহাট-আবুরহাট সড়কটি ১১ কিলোমিটার দৈর্ঘ্য করে ১৪ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হবে। ঠিকাদারকে বলব, ওয়ার্ক অর্ডারে যেভাবে আছে ঠিক সেভাবেই মানসম্মত করে সড়কের কাজ করবেন। আপনারা কাজ বুঝে নেবেন। নির্ধারিত সময়ের মধ্যে যেন কাজ শেষ হয়।’
সড়ক সংস্কার উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও বারইয়ারহাট পৌর বিএনপির সদস্য সচিব কমিশনার নিজাম উদ্দিন এবং ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিকের যৌথ সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


