কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সাবেক সেক্রেটারি ও ঈদগাঁও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ইবনে ফাজেলের উদ্যোগে বুধবার (১২ আগস্ট) ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানটি দুপুর ২টার দিকে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী।
প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম, খুটাখালী তমিজিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম আরমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তৈয়ব উদ্দিন, উপজেলা শিবির সভাপতি মো. আব্দুল্লাহ এবং শিক্ষানুরাগী অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী রিশাদুল ইসলাম রিফাত ও পালাকাটা ক্যাডেট মাদরাসার আব্দুর রহমান।
এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য আতিকুর রহমান মানিক, উপজেলা শিবিরের সেক্রেটারি তানভির হাসান এবং শিবির নেতা তৌহিদুল ইসলামসহ স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উচ্চশিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।


