ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশী ৩ নারী

ভারতে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে পাচার হন তারা। দেড় থেকে দুই বছর জেল খেটে তারা দেশে ফেরত আসেন।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
কারাভোগ শেষে ফেরত বাংলাদেশী নারীরা
কারাভোগ শেষে ফেরত বাংলাদেশী নারীরা |নয়া দিগন্ত

বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তিন বাংলাদেশী নারী।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন নড়াইল জেলার কালিয়া থানার আব্দুর রউফের মেয়ে শিল্পী (৩৭), পাবনা জেলার হাসেম সরদারের মেয়ে সিমলা খাতুন (২২) ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রফিকুলের মেয়ে রিয়া খাতুন (২৬)।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ফেরদৌস হোসেন খান বলেন, ‘ফেরত আসা নারীরা ভারতে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে পাচার হন। প্রায় দেড় থেকে দুই বছর জেল খেটে তারা দেশে ফেরত আসেন। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।’

জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোল প্রতিনিধি সফিকুর রহমান বলেন, ‘ফেরত আসাদের হেফাজতে নেয়া হয়েছে। যশোর তাদের শেল্টার হোমে রেখে পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।’