বড়লেখায় দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

বড়লেখায় দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন, ন্যায্য শ্রম অধিকার নিশ্চিতকরণ এবং শ্রম অধিদফতরের হস্তক্ষেপমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকরা।

ফয়সাল আহমেদ, বড়লেখা (মৌলভীবাজার)

Location :

Barlekha
বড়লেখায় দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ
বড়লেখায় দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ |সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন, ন্যায্য শ্রম অধিকার নিশ্চিতকরণ এবং শ্রম অধিদফতরের হস্তক্ষেপমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকরা।

শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার নিউ সমনবাগ চা বাগানের প্রধান কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নিউ সমনবাগ চা বাগান ও মোকাম ডিভিশনের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। এতে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক শ্রমিক, ছাত্র ও যুবক অংশ নেন। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দেন।

নিউ সমনবাগ চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ণ কালোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাঙ্গাচরণ সাঁওতালের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে বর্তমান মজুরিতে পরিবার নিয়ে জীবনধারণ করা কঠিন হয়ে পড়েছে।

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরো অভিযোগ করেন, চা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম ও নির্বাচন প্রক্রিয়ায় শ্রম অধিদফতরের হস্তক্ষেপ শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করছে। তাই হস্তক্ষেপমুক্ত পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।

কর্মসূচিতে ইউপি সদস্য সুজিত কানু, সাবেক ইউপি সদস্য মতিলাল ঘাটুয়ার ও বুটন রিকমুনসহ পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, নারী শ্রমিক নেত্রী এবং ছাত্র-যুবকরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।