কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা, সাপের কামড় ও বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার (৩৩), পৌর এলাকার শ্রীপুরের মরহুম কালা মিয়ার ছেলে সামছুল হক (৬৫) ও গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের জাহাঙ্গীর কবির ওরফে মনু মিয়ার ছেলে আল জাবির অভি (২২)।
বুধবার (১২ আগস্ট) দুপুরে এ তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার বাড়িতে অসাবধানতা বশত: বিদ্যুতের তারে কম্বল শুকাতে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।
এর আগে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় শ্রীপুর গ্রামের সামছুল হক গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুইজনকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মঙ্গলবার রাতে গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে আল জাবির অভি নামে এক যুবক বিষধর সাপের কামড়ে আহত হন। প্রথমে সে বিষয়টি কাউকে না জানিয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। রাতের এক পর্যায়ে তার শারীরিক ব্যথা ও অসুস্থতা বাড়তে থাকলে স্বজনদের বিষয়টি অবহিত করে।
স্বজনরা দ্রুত তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। তার অবস্থার অবনতি হওয়ায় পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা বুধবার দুপুরে সাংবাদিকদের জানান, হাসপাতালে আনার আগেই বিলকিছ আক্তার ও সামছুল হকের মৃত্যু হয়। এছাড়া সাপের কামড়ে আহত ব্যক্তিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর মৃত্যুর খবর পাওয়া গেছে।


