নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ছয়জন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নারান্দিয়া নামক স্থানে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে একটি পিকআপভ্যান নেত্রকোনায় আসার পথে ময়মনসিংহগামী অপর একটি সারবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দু’জন মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর আরো দু’জনের মৃত্যু হয়।
নিহতরা সকলেই মদন উপজেলায় একটি ওরসে যোগ দেয়ার জন্য যাচ্ছিলেন। সংবাদ পেয়ে হতাহতদের স্বজনরা নেত্রকোনার দিকে রওনা দিয়েছেন। তারা না পৌঁছানোয় নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ নাম-পরিচয় জানার চেষ্টা করছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন নয়া দিগন্তকে বলেন, দুর্ঘটনার সংবাদ পাবার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা সেখানে কাজ করছে। এখনো নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


