টঙ্গীর গাজীপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত তামীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী ইয়াসিন আলীর পরিবারকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে গাজীপুর সিটি করপোরেশন।
একই সাথে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণকাজ আগামী সাত দিনের মধ্যে শুরু করার আশ্বাস দিয়েছেন সিটি প্রশাসক মো: শওকত হোসেন সরকার।
মঙ্গলবার (১১ আগস্ট) সিটি প্রশাসক মাদরাসার অধ্যক্ষ, ছাত্র প্রতিনিধি ও নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের ডেকে নগদ তিন লাখ টাকা তাদের হাতে তুলে দেন বলে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে।
পোস্টে আরো বলা হয়, ফুট ওভারব্রিজ নির্মাণের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসক গঠিত কমিটি এবং সিটি প্রশাসকের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ শুরু করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান, তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) সহসভাপতি (ভিপি) মঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) মুর্তজা হাসান ফুয়াদ উপস্থিত ছিলেন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার বলেন, ‘ইয়াসিনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। আমরা চাই, এমন দুর্ঘটনা আর যেন না ঘটে। নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একই সাথে গাজীপুরা এলাকায় নিরাপদ পারাপার নিশ্চিত করতে ফুট ওভারব্রিজ নির্মাণের কার্যক্রম দ্রুত শুরু করা হবে।’
তিনি আরো বলেন, ‘ফুট ওভারব্রিজ নির্মাণের প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট দফতরগুলোর সাথে সমন্বয় করা হচ্ছে। আগামী সাত দিনের মধ্যে দৃশ্যমানভাবে কাজ শুরুর উদ্যোগ নেয়া হবে।’
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী নিহত হন। এর প্রতিবাদে রোববার কয়েক হাজার শিক্ষার্থী প্রায় সাড়ে তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানান।
পরে জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ফুট ওভারব্রিজ নির্মাণ, ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।


