গাইবান্ধার সাদুল্লাপুরে বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে জেলাল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি গাঁজার গাছ জব্দ করেছে।
শনিবার (৮ আগস্ট) উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জেলাল মিয়ার বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, জেলাল মিয়া দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়ির আঙিনায় কৌশলে অবৈধ গাঁজার চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির আঙিনা থেকে বিশাল আকারের একটি গাঁজার গাছ জব্দসহ অভিযুক্ত জেলাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।


