গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কালাম মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। কালাম মিয়া ওই এলাকার মৃত বাবর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে দিকে মধ্যপাড়া আমবাগান এলাকায় খাজা মিয়ার সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ লাইনের কাজ করছিলেন কৃষক কালাম মিয়া। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদ সদস্য শাহাদত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সুপদ হালদার বলেন, মধ্যপাড়া আমবাগান এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হবে।


