ঝালকাঠির রাজাপুরে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে তাদেরকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়।
এর আগে, শুক্রবার রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা ও গালুয়া ইউনিয়নের সোনালী মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকার মো: সেলিম হাওলাদারের ছেলে মো: হাসান হাওলাদার (১৯), একই এলাকার মো: নজরুল ইসলামের ছেলে মো: মেহেদী হাসান (২৩) এবং গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার মো: সরোয়ার হোসেনের ছেলে মো: আওলাদ হোসেন (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় অভিযান চালিয়ে হাসান হাওলাদার ও মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস করে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গালুয়া ইউনিয়নের সোনালী মোড় এলাকায় অভিযান চালিয়ে আওলাদ হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আরো ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো: ফিরোজ কামাল জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।


