কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ছয় হাজার ইয়াবাসহ রোজিনা পরিবহনের সুপারভাইজার হেলাল উদ্দিনকে (৩৯) আটক করেছে র্যাব।
রোববার (২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর ময়েনমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সুপারভাইজার হেলাল উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মো: রেজাউল হক।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে কুমারখালীর ময়েনমোড় এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। অভিযান পরিচালনা করছে র্যাব।
এ সময় র্যাবের হেফাজতে থাকা অভিযুক্ত হেলাল উদ্দিন জানান, তিনি রোজিনা বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। সকালে ঢাকা থেকে অপরিচিত একজন তার হাতে কাগজে মোড়ানো একটি প্যাকেট আর মোবাইল নম্বর ধরিয়ে দেন। তাতে একটি মোবাইল ফোন ও চার্জার থাকার কথা ছিল।
কুমারখালী রোজিনা পরিবহনের কাউন্টার মাস্টার আব্দুল হালিম জানান, হেলাল তিন বছর ধরে ঢাকা-কুষ্টিয়াগামী রোজিনা পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত। ইয়াবার বিষয়ে তিনি কিছুই জানেন না।
কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মো: রেজাউল হক জানান, রাজবাড়ী থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গাজী ফিলিং স্টেশনের সামনে নেমে একটি ভ্যানে করে যাচ্ছিলেন হেলাল। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৬ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


