চুয়াডাঙ্গার দর্শনা রেলবাজার এলাকা থেকে চার মাদকসেবনকারীকে গ্রেফতার করে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) বিজ্ঞ বিচারক তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) আলমগীর কবিরের নেতৃত্বে একটি টিম সোমবার (৩ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেরুজ মিলপাড়া গ্রামস্থ বাজার মাঠে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক সেবন অবস্থায় পালানোর চেষ্টাকালে চার যুবককে কৌশল অবলম্বন করে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—দর্শনা ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহপাড়ার মো. ফিরোজ খানের ছেলে মো. ফেরদৌস খান (২৩), রেল কলোনির মৃত রবজেল হোসেনের ছেলে মো. আসমাউল হাসান (২৪), মিলপাড়ার মো. আসলাম হোসেনের ছেলে মো. রায়হান হোসেন (২১) এবং মোবারকপাড়ার মো. ঝন্টু মালিথার ছেলে মো. রাকিবুল ইসলাম মানিক (১৯)।
আসামিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করানো হলে তাদের রিপোর্ট পজিটিভ আসে। পরবর্তীতে আসামিদের সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের উদ্দেশ্যে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত)-এ উপস্থাপন করা হয়।
বিজ্ঞ আদালত প্রমাণের ভিত্তিতে আসামি মো. ফেরদৌস খানকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ (দুই) দিনের কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া অপর তিন আসামি মো. আসমাউল হাসান, মো. রায়হান হোসেন ও মো. রাকিবুল ইসলাম মানিককে ১৫ (পনেরো) দিন করে কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ (তিন) দিনের কারাদণ্ড প্রদান করেন।
আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


