নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল পাসপোর্ট অধিদফতর

অন্যের এনআইডিতে ইস্যু হওয়া পাসপোর্ট বাতিল, তদন্তের নির্দেশ

অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ই-পাসপোর্ট গ্রহণের ঘটনায় দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
আঞ্চলিক পাসপোর্ট অফিস, ময়মনসিংহ
আঞ্চলিক পাসপোর্ট অফিস, ময়মনসিংহ |নয়া দিগন্ত

অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ই-পাসপোর্ট গ্রহণের ঘটনায় দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি অসত্য তথ্য দিয়ে নেওয়া একটি ই-পাসপোর্ট বাতিল, প্রকৃত এনআইডিধারীকে নতুন ই-পাসপোর্ট দেয়ার নির্দেশ এবং পাসপোর্ট ইস্যু প্রক্রিয়ায় কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি বা অনিয়ম ছিল কি না, তা তদন্তের নির্দেশ দিয়েছে অধিদফতর।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের সহকারী পরিচালক (পাসপোর্ট) মাহমুদুল হাসান স্বাক্ষরিত ২ আগস্ট ২০২৬ তারিখের তিনটি পৃথক দাফতরিক পত্র থেকে এসব তথ্য জানা গেছে।

একটি আদেশে বলা হয়, মো. তোফায়েল আহমেদ অসত্য তথ্য প্রদান করে ইস্যুকৃত ই-পাসপোর্ট নম্বর এ১৭৮৬০৯৮৪ গ্রহণ করায় বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ৭(২)(খ) ধারা অনুযায়ী পাসপোর্টটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ সংশ্লিষ্ট দফতরগুলোকে অবহিত করা হয়েছে।

একই তারিখে জারি করা আরেকটি পত্রে উল্লেখ করা হয়, MD TUFAYEL AHAMED (ইআইডি নম্বর. ৪০০৭-০০০৪৮৩৬০৪) গত ২৬ জুলাই ২০২৬ বিভাগীয় পাসপোর্ট অফিস, ময়মনসিংহে জাতীয় পরিচয়পত্র নম্বর ৭৩৬৩৩৫২২৭৪ ব্যবহার করে ই-পাসপোর্টের আবেদন করেন। আবেদন যাচাইয়ের সময় দেখা যায়, একই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এ১৭৮৬০৯৮৪ নম্বরের একটি ই-পাসপোর্ট ইতোমধ্যে ইস্যু করা হয়েছে।

তদন্তে আরো দেখা যায়, জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং পূর্বে ইস্যুকৃত পাসপোর্টের নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, জন্মতারিখ ও জন্মস্থান একই হলেও দুই ব্যক্তির ছবি সম্পূর্ণ ভিন্ন। এতে প্রতীয়মান হয়, প্রকৃত এনআইডিধারী নন— এমন একজন ব্যক্তি অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট সংগ্রহ করেছিলেন।

ঘটনাটি কীভাবে ঘটল এবং আঞ্চলিক পাসপোর্ট অফিস, মোহাম্মদপুর থেকে কী প্রক্রিয়ায় ওই পাসপোর্ট ইস্যু করা হলো, সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কোনো গাফিলতি, অবহেলা বা অনিয়ম ছিল কি না, তা নিরূপণে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দ্রুত ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পৃথক আরেকটি আদেশে বিভাগীয় পাসপোর্ট অফিস, ময়মনসিংহকে প্রকৃত জাতীয় পরিচয়পত্রধারী MD TUFAYEL AHAMED-এর অনুকূলে তাঁর বৈধ জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে নতুন ই-পাসপোর্ট ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে এবিআইএস/বিএএসআইসি সিস্টেমে সংশ্লিষ্ট ইআইডি অবমুক্ত করার নির্দেশও দেয়া হয়েছে।

পাসপোর্ট অধিদফতরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিচয় যাচাই প্রক্রিয়ায় কোনো ধরনের ত্রুটি, গাফিলতি বা অনিয়ম হয়েছে কি না, তা তদন্তে স্পষ্ট হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হতে পারে।

উল্লেখ্য, বিষয়টি নিয়ে দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পরই ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু করে। এরপর ধারাবাহিকভাবে বিতর্কিত পাসপোর্ট বাতিল, প্রকৃত এনআইডিধারীকে নতুন পাসপোর্ট দেওয়ার নির্দেশ এবং দায় নিরূপণে পৃথক তদন্তের আদেশ জারি করা হয়।