আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় এ র্যালির আয়োজন করা হয়। আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরা, যুবসমাজকে নৈতিক ও আদর্শিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
আইয়ুব আলীর সভাপতিত্বে ও আক্তারুজ্জামান মোল্লার সঞ্চালনায় র্যালিতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর কবির।
এ সময় বক্তব্য দেন শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ড. মো. হারুন অর রশিদ মোল্লা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন খান এবং পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন।
বক্তারা বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। দেশ ও সমাজের উন্নয়ন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা এবং ইতিবাচক পরিবর্তনে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য তরুণদের নৈতিকতা, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।
আয়োজকরা বলেন, যুবসমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। দেশ ও জাতির কল্যাণে তরুণদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করতেই আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
র্যালিতে গাজীপুর জেলার বিভিন্ন পর্যায়ের যুব নেতাকর্মী ও তরুণরা অংশ নেন।


