দলবেঁধে বাইক চালানোর আড়ালে ইয়াবা পাচার, গ্রেফতার ৬

একটি বাইকার গ্যাং বিপুল পরিমাণ মাদক নিয়ে কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
এক লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ছয় বাইকার
এক লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ছয় বাইকার |নয়া দিগন্ত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার বাইকাররা দলবেঁধে হরহামেশা পর্যটন নগরী কক্সবাজার যাওয়া-আসা করে থাকেন। এবার সেই বাইক চালানোর আড়ালে ইয়াবা পাচার করতে গিয়ে র‌্যাব-৭-এর জালে এক লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে ছয় বাইকার।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে দলবেঁধে ইয়াবা নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ছয়জন হলেন— মো: বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মো: সাইফুল (২৪), মো: হাসান (৩৯) ও মো: হোসেন (৩৭)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি বাইকার গ্যাং বিপুল পরিমাণ মাদক নিয়ে কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। তল্লাশিকালে পাঁচটি মোটরসাইকেলসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, এ সময় তাদের মোটরসাইকেল তল্লাশি করে সেগুলোর সিটের নিচ থেকে ও কাঁধ ব্যাগ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। গ্রেফতার বাইকারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।