কয়রায় সুপেয় পানি সংরক্ষণের ট্যাংক বিতরণ

উপকূলীয় অঞ্চলের সুপেয় পানি সংরক্ষণ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে পানি সংরক্ষণের ট্যাংক বিতরণ করা হয়েছে।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
পানির ট্যাংক বিতরণ
পানির ট্যাংক বিতরণ |নয়া দিগন্ত

খুলনার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় উপজেলা কয়রায় সুপেয় পানি সংরক্ষণের ট্যাংক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মাঠে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে ট্যাংকগুলো বিতরণ করা হয়।

জানা গেছে, সরকারের উপকূলীয় অঞ্চলের সুপেয় পানি সংরক্ষণ প্রকল্পের আওতায় কয়রা উপজেলায় সুপেয় পানির সঙ্কটে থাকা পরিবারের মাঝে এসব ট্যাংক বিতরণ করা হয়।

ট্যাংক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘কয়রা সমুদ্র উপকূলবর্তী এলাকা হওয়ায় দিন দিন লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এতে পুকুর, জলাশয় ও নলকূপের পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় সুপেয় পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে। লবণাক্ত পানির ব্যবহারে মানুষ চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।’

তিনি বলেন, ‘উপকূলীয় এলাকার মানুষের সুপেয় পানির সঙ্কট নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে হতদরিদ্র ও সুপেয় পানির সঙ্কটে থাকা পরিবারগুলোর মাঝে তিন হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে কয়রা উপজেলার প্রতিটি প্রয়োজনীয় পরিবারের কাছে বিনামূল্যে সুপেয় পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে, ইনশাআল্লাহ।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী ইসতিয়াক আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সাইফুল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দিনসহ প্রমুখ‌।