নোয়াখালী অফিস
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৃথক তিনটি হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার দুপুরে র্যাব-১১-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মামুন (৪২), মো. ফুরকান আলী (৩১) ও মো. আবু সাইদ ওরফে সাবিনুর (৪৫)।
র্যাব জানায়, বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের খেমচন্দ্রপুর এলাকার একটি বাড়ির সামনে থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মামুনকে গ্রেফতার করা হয়। তিনি সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম হত্যা মামলার আসামি। র্যাবের ভাষ্য অনুযায়ী, অর্থসংক্রান্ত বিরোধের জেরে গত বছরের ২৬ নভেম্বর আব্দুর রহিমকে লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের কালারাইতা সেতু-সংলগ্ন এলাকা থেকে বিকেল সাড়ে ৪টার দিকে ফুরকান আলীকে গ্রেফতার করা হয়। যৌতুকের দাবিতে স্ত্রী আখি আক্তারকে নির্যাতন ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি তিনি।
অন্যদিকে, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হানুবাইশ বাসস্ট্যান্ড এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে আবু সাইদ ওরফে সাবিনুরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নোয়াখালীর শাজাহানপুর এলাকায় সোহাগ নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ রয়েছে।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, মামলাগুলোর পর থেকেই অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।


