বরিশালের গৌরনদীতে সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাসুম হাওলাদারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী মডেল থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও জহুরুল ইসলাম জহির।
সমাবেশে প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিয়া, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সম্পাদক হানিফ সরদার, সদস্য কাজী আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় গৌরনদী প্রেস ক্লাবের সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, গত ২ আগস্ট সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর ১০ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি গ্রেফতার না হওয়া উদ্বেগজনক। এতে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের পাশাপাশি নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অনতিবিলম্বে প্রধান আসামিসহ মামলার সব আসামিকে গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
উল্লেখ্য, গত ২ আগস্ট বিকেলে গৌরনদীর পুরাতন নাহার সিনেমা হল মোড়ে সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনা ঘটে।
সাংবাদিক জুলফিকারের অভিযোগ, তার ভাগ্নের গ্যারেজের মোটর মেকানিক রিপন কাজীর ওপর হামলার ঘটনা সম্পর্কে জানতে গেলে একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়।


