নড়িয়ায় হাতবোমা তৈরির সরঞ্জামসহ একজন আটক

ইনসান ঢালির বাড়িতে তল্লাশি করে ১০ পিস ইয়াবা, ১০ পুরিয়া গাঁজা, নগদ দুই হাজার ৫০ টাকা, চারটি মোবাইল ফোন এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শরীয়তপুর প্রতিনিধি

Location :

Shariatpur
হাতবোমা তৈরির সরঞ্জামসহ আটক ইনসান
হাতবোমা তৈরির সরঞ্জামসহ আটক ইনসান |নয়া দিগন্ত

শরীয়তপুরের নড়িয়ায় হাতবোমা তৈরির সরঞ্জাম, মাদক ও নগদ টাকাসহ ইনসান ঢালি নামে একজনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা এলাকায় ইনসান ঢালির বাড়িতে তল্লাশি করে ১০ পিস ইয়াবা, ১০ পুরিয়া গাঁজা, নগদ দুই হাজার ৫০ টাকা, চারটি মোবাইল ফোন এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ১০০টির বেশি মার্বেল, ১০০টির বেশি কাঠিযুক্ত দিয়াশলাই, কয়েকটি কাঠিবিহীন দিয়াশলাইয়ের বারুদ, একটি কাঁচি ও একটি হাতুড়ি। প্রাথমিকভাবে এসব সরঞ্জাম ককটেল বা হাতবোমা তৈরিতে ব্যবহৃত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাহার মিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইনসান ঢালির বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা, গাঁজা, নগদ টাকা, মোবাইল ফোন এবং ককটেল (হাতবোমা) তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।’