দিনাজপুরের চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে মোট ২৪২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। পরীক্ষায় অংশ নেয়া সকল শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
অভূতপূর্ব এই ফলাফলের ব্যাপারে স্কুলের পরিচালক ও অধ্যক্ষ মো: মমিনুল ইসলাম বলেন, ‘শিক্ষকদের নিবিড় পরিচর্যা, আন্তরিকতা, ছাত্র-ছাত্রীদের নিয়মিত অধ্যাবসায় ও অভিভাবকদের পূর্ণ সহযোগিতার কারণেই এই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এই স্কুলে প্রতিটি শিক্ষার্থীর সার্বক্ষণিক মনিটরিং ও হিসাব রাখা হয়।’
উপজেলার অন্য আবাসিক স্কুলের মধ্যে মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৭৪ জন অংশ নিয়ে ৭৩ জন জিপিএ-৫ পেয়েছে। আমনো বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২০২ জন ও সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন জিপিএ-৫ অর্জন করেছে।
আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এই গৌরবোজ্জ্বল সাফল্যে স্কুলের কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মো: আখতারুজ্জামান মিয়া। তিনি উপজেলার সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেন ও ভবিষ্যতে এই ভালো ফলাফল ধরে রাখতে সবাইকে আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান।


