কাপ্তাই হ্রদে নেমে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

রাঙামাটিতে পানিতে নেমে নিখোঁজ হওয়া এক জেলের নিথর দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati
কাপ্তাই হ্রদে নেমে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
কাপ্তাই হ্রদে নেমে নিখোঁজ জেলের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ শিকারে নেমেছিলেন জেলেরা। কিন্তু প্রথম দিনেই রাঙামাটিতে ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা। পানিতে নেমে নিখোঁজ হওয়া এক জেলের নিথর দেহ উদ্ধার করেছে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

দীর্ঘ ৯০ দিনের নিষেধাজ্ঞা কেটে যাওয়ার পর মঙ্গলবার কাপ্তাই হ্রদে অত্যন্ত আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে মাছ ধরা শুরু হয়। কিন্তু এই আনন্দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন হাজারীবাগ এলাকায় কাপ্তাই লেকে মাছ ধরার সময় কাজল দাস (৬০) পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে ০১টি ডুবুরি ইউনিট দ্রুত স্পিডবোটযোগে ঘটনাস্থলে পৌঁছে দুপুর সোয়া ২টার সময় লেকের ৩৫ ফুট গভীর তলদেশ থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করে।

নিহতের ঠিকানা— নতুন জালিয়াপাড়া, ১ নম্বর ওয়ার্ড, রিজার্ভ বাজার এলাকা।

কাপ্তাই হ্রদে মাছ শিকারের একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যান ওই জেলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি দল। টানা উদ্ধার অভিযান চালিয়ে হ্রদের তলদেশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জেলের লাশ উদ্ধার শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় জেলে সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।