গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল আলম মুকসুদপুর উপজেলার বড় বনগ্রামের মরহুম আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল আলম মোটরসাইকেলযোগে মুকসুদপুর থেকে টেকেরহাট যাচ্ছিলেন। এ সময় দিগনগর এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই রেজাউল মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ও সার্জেন্ট আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


